গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার বহড়াবাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।
অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহড়াবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বহড়াবাড়ী গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ ও উপজেলা প্রশাসনের যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় নাজমুল হাসানকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, কোটালীপাড়া উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post