স্টাফ রিপোর্টার : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো। বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনের বোস্টন স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে সেমিফাইনালে জায়গা।
চার বছর আগে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে আটলাস লায়ন্সরা। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লে ব্লুরা।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্স। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আগে পুরো টুর্নামেন্টজুড়েই আক্রমণভাগে দাপট দেখিয়েছে দলটি। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসেকে ঘিরে গড়ে ওঠা ফরাসি আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
অন্যদিকে নেদারল্যান্ডস ও সহ-আয়োজক কানাডাকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো। আত্মবিশ্বাসে উজ্জীবিত দলটি আরও একটি চমক দেখাতে প্রস্তুত। দলের কোচ মোহাম্মদ ওয়াহবি স্পষ্ট জানিয়েছেন, শুধু প্রশংসা নয়—তাদের লক্ষ্য বিশ্বকাপের শিরোপা জেতা।
সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের বিচারে ফ্রান্স কিছুটা এগিয়ে থাকলেও মরক্কোর সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং বড় ম্যাচে লড়াই করার মানসিকতা ম্যাচটিকে বেশ অনিশ্চিত করে তুলেছে। বিভিন্ন বিশ্লেষণ সংস্থা ও ফুটবল পরিসংখ্যানভিত্তিক মডেল ফ্রান্সকে এগিয়ে রাখলেও মরক্কোকে খাটো করে দেখার সুযোগ নেই। অপটা সুপারকম্পিউটারের হিসেবে এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ।
এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে। ফলে শেষ চারে জায়গা করে নেওয়ার লক্ষ্যে দুই দলের সামনেই আজ কঠিন পরীক্ষা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post