গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালীর মহিপুর থানার এক নেতা দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী জানান, তিনি দীর্ঘদিন ধরে ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি দলের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তার ব্যক্তিগত আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে হওয়ায় তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইচ্ছাকৃতভাবেই সংগঠনের নামের সঙ্গে থাকা ‘ইসলাম’ শব্দটি ব্যবহার করেননি। তার ভাষ্য, কোনো ব্যক্তি বা সংগঠনের নামের সঙ্গে ‘ইসলাম’ যুক্ত থাকলেই তা ইসলামের প্রকৃত আদর্শের প্রতিফলন ঘটায় না; বরং মানুষের পরিচয় নির্ধারিত হয় তার কর্ম ও চরিত্রের মাধ্যমে।
বিবৃতির শেষাংশে খলিলুর রহমান কিয়াম গাজী বলেন, রাজনৈতিক জীবনে তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।
এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির তোফাজ্জল হোসেন সিপাহি বলেন, ৫ আগস্টের পর খলিলুর রহমানের সঙ্গে সংগঠনের পরিচয় হয় এবং তিনি কয়েক মাস সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। পরে তিনি নিয়মিত কর্মসূচিতে উপস্থিত থাকেননি এবং নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দেন।
তিনি আরও দাবি করেন, খলিলুর রহমানের ব্যক্তিগত জমিজমা-সংক্রান্ত বিরোধ এবং প্রায় তিন লাখ টাকা পাওনা আদায়ের বিষয়ে সংগঠন কোনো ভূমিকা না নেওয়ায় তিনি ধীরে ধীরে সংগঠন থেকে দূরে সরে যান বলে তাদের ধারণা।
খলিলুর রহমান কিয়াম গাজীর ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগের ঘোষণা প্রকাশের পর মহিপুরের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post