স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে দুটি সংগঠন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধেও অভিযোগ করেছে বাংলাদেশ আজাদি পার্টি।
রোববার বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দায়ের করে। অভিযোগে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও কথিত গণহত্যার ঘটনায় ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
আজাদি পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. হাসিনুর রহমান অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গুমসহ বিভিন্ন ঘটনায় সাবেক দুই রাষ্ট্রপতি কোনো প্রতিবাদ জানাননি। তার দাবি, এসব বিষয়ে তাদের নীরবতা অপরাধের প্রতি সমর্থনের শামিল।
দলটির প্রধান সংগঠক মুন্সি বোরহান মাহমুদ বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও আয়নাঘরসহ বিভিন্ন অভিযোগের সময় আবদুল হামিদ ও সাহাবুদ্দিন রাষ্ট্রের সর্বোচ্চ পদে ছিলেন। এসব ঘটনার বিষয়ে তাদের ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করার দাবি জানান তিনি।
অন্যদিকে রাষ্ট্রসংলাপ ফোরাম শুধু মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছে। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস অভিযোগে দাবি করেন, রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে গত বছরের ১৮ জানুয়ারি রাতে অপহরণ করা হয়েছিল। পরদিন তাকে বাংলামোটর এলাকায় ফেলে যাওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে সাহাবুদ্দিনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় তার কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় সাহাবুদ্দিনের সম্ভাব্য আইনগত দায় খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post