নিজস্ব প্রতিবেদক : দলীয় নেতাকর্মীদের মধ্যে অন্ত:কোন্দল, সমন্বয়হীনতা ও মনোনয়ন বঞ্চিত হয়ে দলের নীতি ও আদর্শের সঙ্গে বেঈমানি করার কারনেই কুষ্টিয়া ৪ আসনে (কুমারখালী-খোকসা) ধানের শীষের পরাজয় হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম লিপন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ জামান, খোকসা পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদসহ অন্তত অর্ধশত নেতাকর্মী। লিখিত বক্তব্যে বিএনপি নেতা আমজাদ আলী বলেন, কুষ্টিয়া ৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষের হেভিওয়েট প্রার্থী ছিলেন। তিনি এই আসনের সাবেক দুইবারের এমপি ছিলেন। তাঁর বাবা সৈয়দ মাসুদ রুমীও এমপি ছিলেন। তবে দলীয় কোন্দল, সমন্বয়হীনতা ও মনোনয়ন বঞ্চিত নেতা ও সমর্থকদের বেঈমানির কারনে গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী সামান্য ভোটে পরাজিত হয়েছেন। তিনি আরও বলেন, এই আসনে মেহেদী রুমী ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল মেহেদীকে মনোনয়ন দিলেও সাদী ও আনছার স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন। এরপর শেষ পর্যন্ত আনছার আনছারের প্রার্থীতা অবৈধ ঘোষণা হয় এবং সাদী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। তবুও এই দুই নেতা ও কর্মীদের সমর্থকরা শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে বিরোধিতা করে এবং দাঁড়িপাল্লায় প্রকাশ্যে ভোট করেন। লিখিত বক্তব্যে বিএনপি নেতা আমজাদ আলী বলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ সাদী, কুমারখালী উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও তাদের সমর্থিত নামধারী বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লায় ভোট করে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করেছে। এসময় তিনি তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত করে দল থেকে বহিস্কারের দাবি জানান। প্রসঙ্গত: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন বাংলাদেশ জামায়াত ইসলামী’র (দাঁড়িপাল্লা প্রতীক) প্রার্থী মো. আফজাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র (ধানের শীষ প্রতীকে) প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট পান।
প্রিন্ট করুন







Discussion about this post