ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি এবং এনটিআরসিএ’র আওতায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে পাঠদানে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে তারা মানববন্ধন করেন।
পরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশ শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন । কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা দুটি মূল দাবি উত্থাপন করেন, লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড দিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা ও এনটিআরসিএ’র মাধ্যমে কলেজ পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে লোকপ্রশাসনকে অন্তর্ভুক্ত করা।
সমাবেশে বক্তারা বলেন, “লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ ছয়-সাত বছর পড়াশোনা করেও উপযুক্ত কর্মক্ষেত্র পাচ্ছে না। অথচ ছয়-সাত মাসের ট্রেনিং নিয়ে অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনে নিয়োগ পাচ্ছে। এতে বিভাগের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রতিবছর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী লোকপ্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছে কিন্তু শিক্ষকতা ও প্রশাসনিক খাতে তাদের জন্য কোনো নির্দিষ্ট সুযোগ নেই।”
প্রিন্ট করুন










Discussion about this post