মোঃ রুকুনুজ্জামান বাবুল, দিনাজপুর, (পার্বতীপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুম মোঃ শহীদুল ইসলাম দৈনিক স্বাধীন মত ও সাপ্তাহিক অপরাধচিত্রা-এর পার্বতীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২১৯৮/১৫), পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলামের পিতা ছিলেন।
শুক্রবার বাদ আসর দরিখার গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান রাজু এবং পার্বতীপুর মডেল থানা পুলিশের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের মৃত্যুতে পার্বতীপুর উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষানুরাগী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, “মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে সমাজ একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।”
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন। আমিন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post