গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নতুন ১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। বিদ্যমান ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে এ নতুন ইউনিয়নের সৃষ্টি হওয়ায় উপজেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কলাপাড়া উপজেলায় বর্তমানে রয়েছে ১৩টি ইউনিয়ন পরিষদ, ২টি পৌরসভা ও ২টি থানা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন নির্বাচনী প্রচারণার সময় নীলগঞ্জ এলাকার মানুষের দীর্ঘদিনের নতুন ইউনিয়নের দাবির কথা উল্লেখ করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
পুনর্গঠিত ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়নে নীলগঞ্জ, নবীপুর, কুমিরমারা, টুঙ্গিবাড়িয়া এবং সোনাতলা মৌজার কিছু অংশসহ মোট ২৫টি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে নতুন ১৩ নম্বর হাজীপুর ইউনিয়নে উমেদপুর, হাজীপুর ও সোনাতলা মৌজার কিছু অংশসহ ২৪টি গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, পুনর্গঠিত নীলগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪৪ এবং নারী ১১ হাজার ২৩৬ জন। নতুন হাজীপুর ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৬০০ জন, যার মধ্যে পুরুষ ১০ হাজার ৬৯ এবং নারী ১০ হাজার ৫৩১ জন।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণার সময় এলাকাবাসীর অন্যতম দাবি ছিল নতুন একটি ইউনিয়ন গঠন। নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণকে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় নীলগঞ্জ ইউনিয়ন বিভাজনের কাজ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ হবে। পাশাপাশি মহিপুরকে উপজেলা ঘোষণার কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, রাঙ্গাবালীতে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, কলাপাড়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন এবং যুগ্ম জেলা জজ আদালত কলাপাড়ায় স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ উন্নয়নে ৫৫ কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের অনুমোদন মিলেছে, যার একটি অংশের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ১২টি সেতুর প্রস্তাবের মধ্যে দুটি অনুমোদিত হয়েছে এবং আরও কয়েকটির নকশা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে বি-সেফ প্রকল্পের আওতায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ ও সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post