গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিহত শিশুটির বাবা সৌরভ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় একমাত্র আসামি করা হয়েছে শিশুটির মা ফাতেমা বেগমকে (১৯)। তিনি বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে নবজাতকটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে ফাতেমা প্রথমে দাবি করেন, পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি শিশুটিকে জিনে নিয়ে যাওয়ার কথাও বলেন। তার বক্তব্যে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘরে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে রাত ১০টার দিকে বসতঘরে বৃষ্টির পানি রাখার একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ফাতেমা শিশুটিকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং রাতে ঘুমাতে না দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটান।
স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভ ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, ঘটনার পরপরই ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতের বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post