গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহজালাল মার্কেটের ৯টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটের নিচতলায় থাকা ন্যাশনাল কোকারিজের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি এবং কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় ভবনের ছাদে নারী ও শিশুসহ প্রায় ২০ জন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মই দিয়ে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ দুজন আহত হয়েছেন।
আগুনে ওয়ালটন শোরুম, হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রনিক, আবদুর রাজ্জাকের জুয়েলারি দোকান, প্লাস্টিক ফুলের দোকান, স্বপন স্টুডিও ল্যাব, ফেমার্স উপহার স্টোর, মতিন ডেন্টাল কেয়ার, মুসলিম সেলুন, ন্যাশনাল কোকারিজের গোডাউন ও একটি জিম সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল মালেক জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ৪ থেকে ৫টি দোকান আংশিক পুড়ে গেছে এবং আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ব্যবসায়ীদের দাবির সঙ্গে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবের বড় ধরনের পার্থক্য রয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে জানানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post