গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজি চালিত অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহত রাকিব ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
রাকিবের অভিযোগ, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার শেষে হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে ইউনিয়ন পরিষদের কাছাকাছি এলাকায় কয়েকজন অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়।
সেখানে আলাইয়াপুর ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন রাকিব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করা হয়। পরে প্রাণ বাঁচাতে পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এক ব্যক্তির শরীরে ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post