- নিজস্ব প্রতিবেদক, মিরপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার জমা না দিয়ে বাইরে পালানোর সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) মিরপুর থানাধীন ৩১ নম্বর ভোটকেন্দ্র—তালবাড়ী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ শাহিন (২৮)। তিনি উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহিন ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি ব্যালট বাক্সে জমা না দিয়ে কৌশলে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে সেখানে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইন লঙ্ঘনের দায়ে তাকে তিন বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। গ্রেপ্তারের পর তাকে সাজা ভোগের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।
মিরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে এ ধরণের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবি//দৈনিক দেশতথ্য //
প্রিন্ট করুন








Discussion about this post