আবুল বাশার শেখ : ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র এবং মাছের খাদ্য পরীক্ষাগার স্থাপনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
শনিবার (১১ জুলাই) সকালে ময়মনসিংহের ভালুকায় উদ্দীপন মৎস্য খামার ও কুমির খামার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী খামার দুটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মৎস্য ও প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি খামারি ও উদ্যোক্তারা উপকৃত হবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post