গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর মাইজদীতে এক প্রবাসীর বাসায় ঢুকে পিস্তলের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং জোর করে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন টিটু (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চাঁদাবাজির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ হক ম্যানশন ঘেরাও করে। পরে ভবনের সিঁড়ি থেকে সন্দেহজনক অবস্থায় টিটুকে আটক করে তল্লাশি চালালে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার টিটু আরও কয়েকজন সহযোগী নিয়ে ওই ভবনের একটি বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেপ্তার টিটু বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ বেগমগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post