নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাওলানা আরিফুজ্জামান।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা, সামাজিক সম্পৃক্ততা এবং দলীয় ত্যাগের কারণে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন তিনি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের স্বার্থে নিজের অবস্থান থেকে সরে এসে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে কাজ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত তার রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগের পরিচায়ক।
এক সাক্ষাৎকারে মাওলানা আরিফুজ্জামান বলেন, মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে তার নিজ এলাকা তালবাড়ীয়া বহলবাড়ীয়া ইউনিয়নের এলাকায় পদ্মানদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করাসহ এই এলাকাকে একটা পর্যটন কেন্দ্র এলাকা গড়ে তোলা, কৃষিখাতকে এগিয়ে নিতে মিরপির উপজেলায় কৃষি কলেজ প্রতিষ্ঠা ও নানামুখী উদ্যোগের কথা বলেন।
রাজনৈতিক জীবনে ত্যাগের বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগণের স্বার্থই তার কাছে বড়। বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে তিনি ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছেন।
এছাড়া মিরপুর উপজেলার উন্নয়নে দুর্নীতি কমিয়ে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা, কৃষকদের জন্য সহজ সেবা নিশ্চিত করা এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ভোটারদের উদ্দেশ্যে মাওলানা আরিফুজ্জামান বলেন, যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতা বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে, আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। স্থানীয়রা মনে করছেন, মাওলানা আরিফুজ্জামানের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, তিনি কতটা জনসমর্থন অর্জন করতে পারেন।
প্রিন্ট করুন








Discussion about this post