গিয়াস রনি, নোয়াখালী :নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অভিযোগ তুলে ৪৮ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী চারজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মো. লিংকন (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের পূর্ব শ্যামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে নির্যাতনের প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই নারীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। আশপাশের কয়েকজনকে মুঠোফোনে ভিডিও ও ছবি ধারণ করতেও দেখা গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি ওই রাতে তার ঘরে ঢুকে মুঠোফোন কেড়ে নেন। পরে তাকে জোর করে পাশের বাড়িতে নিয়ে গিয়ে মুরগি চুরির অপবাদ দেওয়া হয়। একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে রাত প্রায় ১টা পর্যন্ত মারধর ও শ্লীলতাহানি করা হয়।
ঘটনার বিচার দাবি করে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, ওই নারী মুরগি চুরির কথা স্বীকার করেছিলেন। তার ঘর থেকে ৪৫টি মুরগি উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে বলেও তারা জানান।
সেনবাগ থানার ওসি আব্দুর রহিম বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post