রুকুনুজ্জামান, পার্বতীপুর, দিনাজপুর: জ্বালানি সংকট মোকাবিলা ও কয়লা আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশের কয়লাখনিগুলো থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সরকারের এমন উদ্যোগের কথা প্রকাশ্যে আসার পর দিনাজপুরের ফুলবাড়ীতে দুই দশক আগের কয়লাখনি বিরোধী আন্দোলনের স্মৃতি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ।
সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বিদ্যুৎ ও জ্বালানি মিশ্রণ নিয়ে সরকার নীতিগতভাবে এগিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টিও আলোচনায় রয়েছে। শিগগির পূর্ণাঙ্গ জ্বালানি নীতি প্রকাশের কথাও জানান তিনি।
জ্বালানি খাতের সংশ্লিষ্টদের হিসাবে, দেশের তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে বছরে প্রায় দুই কোটি টন কয়লা প্রয়োজন হয়। বর্তমানে বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের চাহিদা মেটাতে বিপুল পরিমাণ কয়লা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। উন্মুক্ত পদ্ধতিতে দেশের খনিগুলো থেকে পূর্ণ সক্ষমতায় কয়লা উত্তোলন করা গেলে বছরে প্রায় দেড় কোটি টন কয়লা পাওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এতে আমদানিনির্ভরতার বড় একটি অংশ কমানো সম্ভব হতে পারে।
দেশে উল্লেখযোগ্য কয়লার মজুদ রয়েছে পাঁচটি এলাকায়। এর মধ্যে জয়পুরহাটের জামালগঞ্জে প্রায় ৫৪৫ কোটি টন, রংপুরের খালাশপীরে ৬৮ কোটি ৫০ লাখ টন, দিনাজপুরের দিঘিপাড়ায় ৭০ কোটি ৬ লাখ টন, বড়পুকুরিয়ায় ৪১ কোটি টন এবং ফুলবাড়ীতে প্রায় ৫৭ কোটি ২০ লাখ টন কয়লার মজুদের তথ্য পাওয়া যায়। ফুলবাড়ী খনিতে ভূ-পৃষ্ঠের প্রায় ২৪০ মিটার গভীরে কয়লার স্তর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়েই সবচেয়ে বড় বিতর্ক। বিশেষ করে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে খনন হলে কৃষিজমি, বসতভিটা ও পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষকে নিজ বসতভিটা থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও দীর্ঘদিন ধরে বিরোধিতার অন্যতম কারণ।
২০০৬ সালে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। স্থানীয় জনগণের পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ওই আন্দোলনে যুক্ত হয়। দীর্ঘ সময় পর একই বিষয় আবার সামনে আসায় সেই আন্দোলনের স্মৃতিও নতুন করে আলোচনায় এসেছে।
এরই মধ্যে বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়েও কর্মসূচির ঘোষণা এসেছে। আনু মুহাম্মদ জানিয়েছেন, জ্বালানি সংকটের সমাধান, রাষ্ট্রায়ত্ত কারখানা ও জ্বালানি খাতের বেসরকারীকরণ বন্ধসহ ছয় দফা দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আগামী ২৪ আগস্ট ঢাকা থেকে ফুলবাড়ীর উদ্দেশে প্রচারযাত্রা শুরু করবে। ২৬ আগস্ট সেখানে গণসমাবেশ করার কথা রয়েছে।
স্থানীয় পর্যায়েও প্রতিবাদ শুরু হয়েছে। গত বুধবার রাতে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এতে বক্তারা উন্মুক্ত পদ্ধতিতে খনি করার উদ্যোগের বিরোধিতা করেন।
ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার একদিকে স্থানীয় কয়লা ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করলেও অন্যদিকে জমি, পরিবেশ ও জনবসতি রক্ষার প্রশ্নে নতুন করে তৈরি হচ্ছে বিতর্ক। আগামী ২৬ আগস্ট ফুলবাড়ীর গণসমাবেশ ঘিরে এই বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post