নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার : ‘তারুণ্যের আশা-আকাঙ্কা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে, সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।
এ উপলক্ষে গতকাল রবিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এবং রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক চৌধুরী রাজিব মোস্তফা।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী জান্নাতুন নাহার শিউলি প্রমুখ।
বক্তারা বলেন, তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং বৈধ চাহিদাগুলো পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
পরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রমের ৯টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post