স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ১০ শতাংশ শুল্কের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ওপর নতুন কোনো বাড়তি শুল্কের বোঝা তৈরি হয়নি। ফলে এ বিষয়ে নতুন করে উদ্বেগের কারণ নেই।
প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্রিকসসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে সক্রিয় অংশগ্রহণের চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান তথ্যবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় সরকারি দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য মামলা করার সুযোগ নেই। তবে দায়িত্ব গ্রহণের আগে কিংবা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান। তিনি দাবি করেন, দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগের অভাবের কারণেই বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, সে সময় পুলিশ ৫৬ এসকেএস রাইফেল থেকে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছিল।
২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার মতে, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার আওতায় না এলে ন্যায়বিচার পূর্ণতা পাবে না।
শাপলা চত্বরের ঘটনা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, আইন লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া নিশ্চিত করার কথা জানিয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন




Discussion about this post