গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা স্বামী মো. ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফৌজদারহাট এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
গ্রেপ্তার ইসমাইল বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের মাইজা বেপারী বাড়ির এনামুল হক বাবুলের ছেলে।
র্যাবের তথ্য অনুযায়ী, ঈদুল আজহাকে কেন্দ্র করে ইসমাইল তার স্ত্রী সুমির কাছে ছাগল ও স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। সুমির বাবা কিছু টাকা পাঠালেও দাবিকৃত অর্থের পরিমাণ কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে ইসমাইল তাকে মারধর করেন।
পরে গুরুতর আহত সুমিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুমির পরিবারের অভিযোগের পর আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post