এসএম জামাল, কুষ্টিয়া থেকে : ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মানবতা, ন্যায়বিচার এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি অবিচল প্রজ্ঞাবান ও দূরদর্শী ব্যক্তিত্ব। তাঁর চিন্তা, চেতনা এবং কর্মপ্রবাহের কেন্দ্রবিন্দুতে সর্বদাই থাকে মানুষের কল্যাণ। প্রতিকূল বর্তমান সমাজ বাস্তবতায় তিনি সাহসের সাথে নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিয়ে একজন আদর্শিক ও নৈতিক পথপ্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাগীব রউফ চৌধুরীর পিতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী, ছিলেন এক নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, আইয়ুব বিরোধী সংগ্রাম, ’৬৯-এর গণঅভ্যুত্থান সবখানেই তাঁর সাহসী ও নেতৃত্বদায়ী ভূমিকা ইতিহাসে উজ্জ্বল।
ছাত্র রাজনীতিতে কুষ্টিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়। আশির দশকে তিনি সাতদলীয় জোটের অন্যতম নেতা এবং ১৯৯১ সালে বিএনপিতে যোগ দিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ, যাঁর পরিকল্পনায় মিরপুর-ভেড়ামারার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়।
রাগীব রউফ চৌধুরীর মাতা মরহুমা অ্যাডভোকেট নার্গিস চৌধুরী নারী অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন এবং এনজিও “পালক”-এর মাধ্যমে অসংখ্য নারীকে আইনি সহায়তা দিয়েছেন।
চৌধুরী পরিবারের জন কল্যাণমূলক চেতনার ধারাবাহিকতায় মরহুমা মাহমুদা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয়। একটি কলেজ, যা এনামুল হক খান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে গড়ে ওঠে। নিঃসন্দেহে মিরপুর অঞ্চলের সামাজিক-শিক্ষা অবকাঠামোতে চৌধুরী পরিবারের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণীয়।
এক বর্ণাঢ্য রাজনৈতিক ও সংস্কৃতিবান পরিবারে জন্ম নেওয়া ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কেবল পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরি নন, বরং তিনি নিজ গুণ, শিক্ষা ও নেতৃত্বগুণে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন দক্ষ, মানবিক ও প্রগতিশীল নেতা হিসেবে।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
২০২০ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এবং আইন পেশায় টানা ২৩ বছরের সুনামগাথা যাত্রার স্বীকৃতি হিসেবে সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত তাঁকে “সিনিয়র অ্যাডভোকেট” উপাধিতে ভূষিত করে। দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীর মধ্যে আনুমানিক মাত্র ২০০ জন এই বিরল সম্মান পেয়েছেন, যা রাগীব রউফ চৌধুরীর পেশাদারিত্ব, মেধা ও সততার এক উজ্জ্বল স্বীকৃতি।
সামাজিক ও মানবিক কাজেও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সক্রিয়তা প্রশংসনীয়। তিনি রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং নানা সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে চলেছেন নীরবে, নিঃস্বার্থভাবে। এইসব অর্জন তাঁকে শুধু একজন আইনজীবী বা নেতা হিসেবে নয়, বরং একজন বহু মাত্রিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছে।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির একজন সক্রিয় ও দায়িত্বশীল সদস্য। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা কেবল রাজনৈতিক আনুগত্যে সীমাবদ্ধ নয়। বরং জাতীয় সংকটকালীন মুহূর্তে আইনি লড়াইয়ে তিনি হয়ে উঠেছেন এক নির্ভরতার প্রতীক।
গত সতেরো বছরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যখন দল ও নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন, তখন তিনি কুষ্টিয়া জেলার অসংখ্য নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে নিরবচ্ছিন্নভাবে আইনি সহায়তা প্রদান করেছেন। বিনা প্রচারে, নিঃস্বার্থভাবে। তাঁর এই নীরব সংগ্রাম, নিষ্ঠা ও দায়বদ্ধতা শুধু আইনি লড়াইয়ের ক্ষেত্রেই নয়, বরং মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক আদর্শে ক্লিন ইমেজের অনন্য দৃষ্টান্ত।
তিনি বিএনপির কেন্দ্রঘোষিত বিভাগীয় ও জাতীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেছেন। নিজ এলাকার কর্মীদের নিয়ে, ও পাশাপাশি থেকে খুলনা,কুষ্টিয়া জেলা ও স্থানীয় কর্মসূচিতেও সবসময় সক্রিয় উপস্থিতি নিশ্চিত করেছেন। এভাবেই তিনি একজন সংগঠক, লড়াকু আইনজীবী ও দায়িত্বশীল রাজনৈতিক ক্লিন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন রাজনীতিতে বিভেদ নয়, ঐক্য প্রতিষ্ঠা করতে চান; বিরোধ নয়, সমন্বয়কে প্রাধান্য দেন। তিনি মনে করেন, দলীয় মনোনয়ন প্রত্যাশা কোনো ব্যক্তিগত লোভের বহিঃপ্রকাশ নয়, বরং একজন নিবেদিত রাজনৈতিক কর্মীর সাংগঠনিক অধিকার। তবে তিনি সর্বদা দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ প্রাধান্য দেন, যা তাঁর নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়া-২ আসন পুনরুদ্ধারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি মনে করেন, দলীয় ঐক্য, গণতান্ত্রিক সংগ্রাম এবং জনগণের ভালোবাসা সম্মিলিতভাবে এই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। শহর থেকে প্রত্যন্ত গ্রামে, মিরপুর ও ভেড়ামারার সর্বত্র তাঁর সরব উপস্থিতি এবং জনগণের মাঝে নিরবচ্ছিন্ন গণসংযোগ এক ধরনের আস্থার পরিবেশ তৈরি করেছে। তরুণ, প্রবীণ এবং সাধারণ মানুষ সবাই এখন তাঁকে আগামীর নেতৃত্বের ভবিষ্যৎ মুখ হিসেবে দেখছেন।
তিনি ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত প্রতিটি স্তরে আধুনিকীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ব্যারিস্টার রাগীব রউফের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখেন, যেখানে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি নাগরিক তার প্রাপ্য সম্মান ও স্বাধীনতা ভোগ করতে পারবে। উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা, কৃষি ও শিল্পে যুগান্তকারী পরিবর্তন এবং পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করবেন।
গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই তাঁর প্রধান লক্ষ্য। নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। ধর্মীয় উপাসনালয় গুলোর উন্নয়নেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষায় তিনি সচেষ্ট থাকবেন।
তরুণ প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা পূরণে ব্যারিস্টার রাগীব রউফ দৃঢ় প্রতিজ্ঞ। তিনি তরুণদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা তাঁর অন্যতম অগ্রাধিকার।
রাগীব রউফ চৌধুরী মনে করেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা দিতে পারলে তারাই দেশের ভবিষ্যৎ উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করবে। একটি সুস্থ, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে তরুণরা তাঁদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে।
রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, এটি জনগণের জীবন মান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই বিশ্বাসেই রাজনীতিকে ধারণ করেছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তাঁর রাজনৈতিক দর্শন মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার পক্ষে।
তাঁর লক্ষ্য একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র, যেখানে নাগরিকরা নিরাপদে, অধিকার নিয়ে, মাথা উঁচু করে বাঁচবে। তিনি বিশ্বাস করেন, সৎ নেতৃত্ব ও শক্তিশালী রাজনৈতিক আদর্শ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।
আজ তিনি কেবল একজন দক্ষ আইনজীবী বা রাজনীতিক নন, বরং ভবিষ্যতের নেতৃত্বে আশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন দৃঢ় ধারক এবং একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের নিরন্তর প্রয়াসের প্রতীক। তাঁর চিন্তা, কর্মকৌশল এবং নেতৃত্বে রয়েছে সাহস, আদর্শ আর সময়োপযোগী বাস্তবতা।
রাজনীতি ও আইন পেশায় তার দক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনি ব্যক্তি জীবনে তিনি ক্লিন ইমেজের রাজনৈতিক একজন সজ্জন ও আত্মমর্যাদাশীল মানুষের উজ্জ্বল প্রতিচ্ছবি।
প্রিন্ট করুন







Discussion about this post