মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মিন্টু ও তাঁর সহকারী স্বাধীন আলী।
পুলিশ জানায়, তাহেরপুর থেকে মুরগিবোঝাই একটি ভটভটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাক আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে দু’টি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি ও ট্রাকে থাকা চারজন আহত হন।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুরগি ব্যবসায়ী নাইম ও হালিমকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হবে।
প্রিন্ট করুন










Discussion about this post