মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে রাজশাহীর দামকুড়া থানার উত্তর ধুতরাবন গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে সেখানে তার ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশার জন্য তাকে খুন করা হয়েছে।
নিহত রিকশাচালকের নাম মামুনুর রশিদ। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ। রাত সাড়ে ১০টায় দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।
ওসি জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কিছু খাইয়ে অথবা শ্বাসরোধ করে তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
নিহত ব্যক্তির মরদেহ রামেকের মর্গে আছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান ওসি।
প্রিন্ট করুন







Discussion about this post