মোঃ ফয়সাল আলম, রাজশাহী : রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর বোর্ডটিতে পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার জন উত্তীর্ণ হয়েছে।
আগের বছরগুলোর তুলনায় পাসের হার কম
রাজশাহী বোর্ডের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
এই হিসাবে ২০২৬ সালের ফলাফলই গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ।
ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাসের হারে এবারও ছাত্রীদের সাফল্য বেশি। রাজশাহী বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ১৩ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের আধিপত্য দেখা গেছে। এ বছর রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র।
শতভাগ পাস করা বিদ্যালয় কমেছে
বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও এবার বড় পরিবর্তন দেখা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছে। অথচ ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৯৯টি।
এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
মানসম্মত শিক্ষায় জোর, বলছে বোর্ড
ফলাফলের এমন অবনতির বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীর সংখ্যা বা ফলাফলের পরিমাণের চেয়ে শিক্ষার মানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে প্রাথমিক পর্যায়ে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে।
তবে ভবিষ্যতে রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post