স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য নির্বাচন কমিশনার আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকটি বেলা ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করা একটি প্রচলিত প্রক্রিয়া। যেহেতু বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন, তাই তাঁর সঙ্গেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিবের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই স্পিকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ কারণে প্রথমে জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হবে। আসন্ন বৈঠকে এসব প্রশাসনিক ও আইনগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post