স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্য একটি মামলায় হাজিরা দেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন এবং আগামী রোববার বা সোমবার সেখানে উপস্থিত হয়ে জামিনের আবেদন করার পরিকল্পনা ছিল।
শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে লতিফ সিদ্দিকী বলেন, ওই সময় তিনি সরকারের মন্ত্রী হলেও ঘটনার বিষয়ে তাঁর কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা বা জ্ঞান ছিল না। তিনি আরও দাবি করেন, পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর ছিল না, যার প্রমাণ হিসেবে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আসামি করা হয়। কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। তবে সেই মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান এবং তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে মন্ত্রিসভায় যোগ দেন। ২০১৪ সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তিনি মন্ত্রিত্ব হারান এবং দল থেকেও বহিষ্কৃত হন। পরে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও একই বছরের রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তাঁর সংসদ সদস্য পদও অবসান ঘটে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post