গোফরান পলাশ, কলাপাড়া: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি কাল শুক্রবার তার নির্বাচনী এলাকায় দুই দিনের সফরে আসছেন।
প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী এলাকায় এখন চলছে উৎসবের আমেজ।
প্রতিমন্ত্রীকে বরনে কলাপাড়া-রাঙ্গাবালী দুই উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্মাণ করেছে নৌকার আদলে একাধিক সুসজ্জিত রঙিন তোরন।
পথের পাশে সাঁটানো হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী মহিববুর রহমানের ছবি সম্বলিত বর্নাঢ্য ব্যানার, ফেস্টুন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
দুপুর ১২টায় রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে নৌপথে স্পীডবোট যোগে পায়রা বন্দর দিয়ে সড়ক পথে বিকেল ৩টায় কলাপাড়া পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে কলাপাড়া মহিলা কলেজে শিক্ষার্থীদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বিকেল সাড়ে ৩টায় কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। পরে সন্ধ্যা ৭টায় সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে পর্যটন নগরী কুয়াকাটা ত্যাগ করবেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post