আমলা অফিস: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন ‘সততা মানবিক সংস্থা’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় আমলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থাটির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম এবং সততা মানবিক সংস্থার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (দুলাল)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সততা মানবিক সংস্থার সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন বলেন, সমাজের উন্নয়নের জন্য শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; মানুষের জীবনমানের উন্নয়ন এবং একটি মানবিক সমাজ গড়ে তোলাও জরুরি। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তরুণ প্রজন্ম। বেকারত্ব দূর করতে তরুণদের দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে একে অপরকে সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার মধ্য দিয়েই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে। এ ক্ষেত্রে ‘সততা মানবিক সংস্থা’র মতো সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ফরিদা ইয়াসমিন বলেন, একটি উন্নত জাতি গঠনের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা ও সবার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষা ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মাদকমুক্ত, শিক্ষিত, কর্মমুখী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে সততা মানবিক সংস্থা এগিয়ে যাবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে এটাই তার প্রত্যাশা। সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকা-ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সভাপতি সাইফুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই এ ধরনের সংগঠনের অন্যতম লক্ষ্য। তারা সততা মানবিক সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post