স্টাফ রিপোর্টার : সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগও দায়ের করেছে দলটি।
সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলটির দুই কর্মী ও একজন স্থানীয় ব্যক্তি আহত হন।
আহত ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন, শাহাদত হোসেন এবং এনাম মেডিকেল কলেজের কর্মচারী শাহীন খন্দকার ইমরান। তাঁদের মধ্যে শাহীন খন্দকারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা এনসিপির উদ্যোগে পদযাত্রা শেষে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য চলাকালে হঠাৎ দর্শকসারির দিকে বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে দলের কেন্দ্রীয় নেতারা মাঠে পৌঁছান। মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় নেতাদের বক্তব্যের পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর উপস্থিত ব্যক্তিরা নিরাপদ স্থানে সরে যান। পরে নেতাকর্মীরা একত্রিত হয়ে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালে যান।
ঘটনার পর এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিস্ফোরণের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি ঘটনার জন্য প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কর্মসূচির ঘোষণা দেওয়ার সতর্কবার্তা দেন।
সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানিয়েছেন, ঘটনার পর ঢাকা জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post