গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পৃথক ঘটনায় এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে ব্র্যাকের শাখায় কর্মরত কর্মসূচি সহকারী-পিএ দাউদুল ইসলাম সোমবার রাতে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অফিসের ওপরের গেস্ট রুমে থাকার সিদ্ধান্ত নেন। রাতে চাবি নিয়ে তিনি ওই কক্ষে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিসের এক পিয়ন চাবি আনতে গিয়ে কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
দাউদুল ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ বাজার এলাকার আবুল কালামের ছেলে। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্বজনরাও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
অন্যদিকে, চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের রিপনের স্ত্রী তামান্না আক্তার (২৩) নিজ বাড়িতে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পুলিশ সেটি উদ্ধার করে।
এ ছাড়া চরআমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হামিম (৩) বাড়ির পুকুরে ডুবে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, দাউদুল ইসলাম ও তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post