গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর গ্রামের নজরুল ইসলাম (৪১)।
ডিএনসি জানায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে ওই চক্রের আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে যৌথ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম চক্রটির অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post