নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়া ফিড উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুইটি ফিড কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিধিমালা অনুযায়ী ২৭৩টি পণ্যের জন্য বিএসটিআইয়ের অনুমোদন বাধ্যতামূলক। মাছ ও পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও এ তালিকার অন্তর্ভুক্ত। তবে অভিযানের সময় সেতুভাঙ্গা এলাকার দুটি ফিড কারখানায় প্রয়োজনীয় বিএসটিআই সনদ না থাকার বিষয়টি ধরা পড়ে।
এ সময় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলসকে ১৫ হাজার টাকা এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী সেতু ফিড মিলসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই প্রতিষ্ঠান দুটির কাছ থেকে জরিমানার পুরো অর্থ আদায় করা হয়।
অভিযানে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
প্রিন্ট করুন








Discussion about this post