বিশেষজ্ঞরা বলছেন, একটি ফ্ল্যাট বা ভবন নির্মাণে যে অর্থ ব্যয় হয়, তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই শতাধিক লিংকেজ শিল্পে ছড়িয়ে পড়ে। ফলে এই খাত শুধু আবাসন নয়, কর্মসংস্থান ও শিল্প উৎপাদনেরও বড় চালিকাশক্তি।
অর্থনীতি বিশ্লেষক ও ফিন্যানশিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ বলেন, “আবাসন খাতকে প্রকৃত অর্থে রিয়েল সেক্টর বলা হয়। কারণ এটি সামষ্টিক অর্থনীতির গতি নির্ধারণ করে। বর্তমানে ফ্ল্যাট বিক্রি ব্যাপকভাবে কমে গেছে, যা অর্থনীতির স্থবিরতার স্পষ্ট লক্ষণ।”
তিনি বলেন, নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি, জমির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং ব্যাংকঋণের জটিলতায় সাধারণ মানুষের জন্য ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়েছে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ফ্ল্যাট বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাজারে এই পতন আরও তীব্র, যা ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত নেমে এসেছে।
রিহ্যাব সভাপতি আলী আফজাল বলেন, “বর্তমানে নিবন্ধন ব্যয় ১৩ শতাংশের বেশি হওয়ায় জমি ও ফ্ল্যাট কেনাবেচা কমে গেছে। আমরা এটি ৭ শতাংশে নামানোর প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাজেটে তার প্রতিফলন হয়নি।”
তিনি আরও বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাট নির্মাণ ব্যয় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকঋণের উচ্চ সুদহার ও দীর্ঘমেয়াদি গৃহঋণের অভাব মধ্যবিত্ত ক্রেতাদের বাজার থেকে সরিয়ে দিয়েছে।
রাজধানীর বাংলামোটর টাইলস মার্কেটের এক ব্যবসায়ী বলেন, “আগে যেখানে দিনে কয়েক লাখ টাকার বিক্রি হতো, এখন তা নেমে ৫০–৬০ হাজার টাকায় এসেছে। অনেক সময় বিক্রি একেবারেই হয় না। ব্যাংকের কিস্তি ও দোকানভাড়া দিতে হিমশিম খাচ্ছি।”
এডিসন রিয়েল এস্টেটের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “বর্তমানে একটি ফ্ল্যাট নির্মাণে প্রায় ৩০ শতাংশ বেশি খরচ হচ্ছে। একই সঙ্গে ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে প্রকল্পের গতি কমে গেছে। নতুন ক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়েছে।”
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে রড ও অন্যান্য নির্মাণসামগ্রীর ওপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধির উদ্যোগ আবাসন খাতকে আরও চাপে ফেলবে।
রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কর কাঠামো কার্যকর হলে ফ্ল্যাটের দাম আরও বেড়ে যাবে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাবে।
বর্তমানে ব্যাংকঋণের সুদহার ১৫–১৬ শতাংশে পৌঁছেছে, যা আগে ৯–১০ শতাংশ ছিল। এর ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা বাজার থেকে প্রায় বেরিয়ে গেছেন বলে জানান বিশেষজ্ঞরা।
অর্থনীতিবিদদের মতে, আবাসন খাতের প্রতিটি বিনিয়োগ অর্থনীতিতে গড়ে আড়াই গুণ বেশি প্রভাব ফেলে। খাতটি বার্ষিক প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব সৃষ্টি করে এবং প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, “আবাসন খাত চাঙ্গা হলে তিন হাজার ৬০০টির বেশি লিংকেজ শিল্প সচল হবে। শুধু সিমেন্ট খাতেই উৎপাদন ৮০ শতাংশে উন্নীত করা সম্ভব।”
আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীরুল ইসলাম বলেন, “একীভূত নীতি, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা ছাড়া এই খাত পুনরুদ্ধার সম্ভব নয়। সঠিক পরিকল্পনা থাকলে এটি বিপুল কর্মসংস্থান তৈরি করতে পারবে।”
অর্থনীতি বিশ্লেষকদের মতে, নিবন্ধন ব্যয় কমানো, দীর্ঘমেয়াদি স্বল্প সুদের ঋণ এবং কর সুবিধা ছাড়া আবাসন খাতের সংকট থেকে উত্তরণ কঠিন হবে।
প্রিন্ট করুন






Discussion about this post