কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের গড়াই নদীর তীররক্ষা বাঁধের পাশে সংরক্ষিত মাটি ও বালু কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের ভাঙনপ্রবণ এলাকা রক্ষায় রাখা এসব মাটি-বালু অপসারণের ফলে নদীর তীর দুর্বল হয়ে নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গড়াই নদীর ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীতীর সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় বিপুল পরিমাণ মাটি ও বালু সংরক্ষণ করা হয়। বর্ষা মৌসুমে নদীর পাড় রক্ষায় এসব মাটি ও বালু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এলাকাবাসীর অভিযোগ, গত এক মাস ধরে সাঁওতা গ্রামের আব্দুল আজিজের ছেলে বালু ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের নির্দেশে নদীর তীরের সংরক্ষিত মাটি ও বালু কেটে ট্রলিযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক কোদাল দিয়ে নদীর পাড় থেকে মাটি ও বালু কেটে ট্রলিতে তুলছেন। শ্রমিকরা জানান, তারা বালু ব্যবসায়ী জালাল উদ্দিনের নির্দেশেই কাজ করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জালাল উদ্দিন দাবি করেন, পানি উন্নয়ন বোর্ড তাদের জমির পাশে বালু ও মাটি ফেলে রেখেছিল।
তা সরানোর জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন এবং অনুমোদন পেয়েছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, এ ধরনের কোনো আবেদন তার দপ্তরে জমা পড়েনি এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এ সংক্রান্ত কোনো আবেদন তার কাছেও আসেনি। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, গড়াই নদী থেকে বালু বা মাটি উত্তোলনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। যারা এ কাজ করছে, তারা অবৈধভাবে করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমের আগে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হতে পারে বসতভিটা, ফসলি জমি ও স্থানীয় অবকাঠামো।
প্রিন্ট করুন








Discussion about this post