স্টাফ রিপোর্টার : আগামী শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতিহাস, বাংলা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ের বইয়ে নতুন বিষয় সংযোজন এবং পুরোনো অংশ পুনর্বিন্যাস করা হচ্ছে। বর্তমানে ১৩৩টি পাঠ্যবইয়ের পরিমার্জন কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাস থেকে এসব বইয়ের মুদ্রণ কার্যক্রম শুরু হবে।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত হচ্ছে। পাশাপাশি আইসিটি বইয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স ও আধুনিক প্রযুক্তি বিষয়ে গুরুত্ব দিয়ে নতুন অধ্যায় সংযোজন করা হচ্ছে।
নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা দুটি রচনার আলোকে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন পাঠ যুক্ত করা হচ্ছে। একইভাবে পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে বর্তমান চার নেতার পাশাপাশি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও অবদান অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এনসিটিবি সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৩৬টি এবং মাধ্যমিক স্তরের ৯৯টি পাঠ্যবইয়ের মধ্যে ৯৭টির পরিমার্জন সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরের বই পরিমার্জনের কাজে ১৬০ জন বিষয় বিশেষজ্ঞ এবং মাধ্যমিক স্তরের বইয়ের ক্ষেত্রে ২৫০ জন বিশেষজ্ঞ যুক্ত ছিলেন।
২০২৭ শিক্ষাবর্ষে প্রায় ৩০ কোটি ৮৩ লাখের বেশি পাঠ্যবই মুদ্রণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি স্তরের জন্য ২১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৩৩২ কপি বই ছাপানো হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে বই ছাপার কাজ শুরু হবে এবং নভেম্বরের মাঝামাঝি তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর থেকে ধাপে ধাপে সারাদেশে বই বিতরণ শুরু করা হবে, যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ১৩৭টি বইয়ের মধ্যে ১৩৩টির পরিমার্জন ও ইনডিজাইন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট চারটি বই নতুন সংযোজন হওয়ায় সেগুলোর বিষয়বস্তু ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।
তিনি বলেন, এবার বই তৈরিতে এনসিটিবির প্রধান অগ্রাধিকার হচ্ছে গুণগত মান, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা। চার শতাধিক বিশেষজ্ঞ, বিষয়ভিত্তিক শিক্ষক, সম্পাদক ও কারিগরি বিশেষজ্ঞ বই প্রস্তুতের কাজে যুক্ত রয়েছেন। প্রতিটি বই একাধিক ধাপে পর্যালোচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্ভুল, মানসম্মত ও সময়োপযোগী বই পায়।
এনসিটিবির শিক্ষাক্রম উইং ও সম্পাদনা শাখা সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি রচনার আলোকে মুক্তিযুদ্ধভিত্তিক একটি নতুন পাঠ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ ছাড়া পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে বর্তমান চার নেতার পাশাপাশি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও অবদান যুক্ত করা হচ্ছে।
তবে আলোচনায় থাকা শরীফ ওসমান বিন হাদিকে এবার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার বলেন, ২০২৭ সালের জন্য প্রাথমিক স্তরের বই সম্পাদনার কাজ শতভাগ শেষ হয়েছে। তাই এবার তাঁর বিষয়টি যুক্ত হচ্ছে না। ভবিষ্যতে নতুন শিক্ষাক্রম চালুর সময় পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৮ সালের শিক্ষাক্রমে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি শরীফ ওসমান বিন হাদিকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এনসিটিবির কর্মকর্তারা জানান, আগামী শিক্ষাবর্ষের ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর, জেড ফোর্স, কে ফোর্স, তেলিয়াপাড়া বৈঠক, মুক্তিযুদ্ধের সামরিক কৌশল এবং বীর সেনানায়কদের অবদান আরও বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে।
একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা, নব্বইয়ের গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাসও যুক্ত করা হচ্ছে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, ইতিহাসের একপেশে উপস্থাপন থেকে বেরিয়ে এসে দলিল-প্রমাণভিত্তিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই এবার মূল লক্ষ্য।
২০২৬ সালের মাধ্যমিকের বাংলা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হলেও ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে এটি আগের মতোই রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতিহাসের ভারসাম্য বজায় রাখতে অতিরিক্ত পুনরাবৃত্তি কমিয়ে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হয়েছে।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির আইসিটি বইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, আধুনিক ডিজিটাল প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ বিষয়ে নতুন অধ্যায় যুক্ত হবে।
এনসিটিবির সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতের কর্মক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করতেই এ পরিবর্তন আনা হচ্ছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ইতিহাসে যার যে অবদান, তা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কাউকে অযথা বড় বা ছোট করে দেখানোর পরিবর্তে যাচাইকৃত তথ্য ও দলিলের ভিত্তিতে ইতিহাস উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে যেসব বিষয় নিয়ে বিতর্ক ছিল, সেগুলোও তথ্যভিত্তিকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি বিষয়ের বই যুক্ত হচ্ছে।
চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বই থাকবে। ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, কারাতে বা ভলিবল, অ্যাথলেটিকস এবং সাঁতার—এই সাতটি খেলার মৌলিক ধারণা ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।
ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই। আনন্দমুখর পরিবেশে শেখাকে উৎসাহিত করাই এ বইয়ের উদ্দেশ্য।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ষষ্ঠ শ্রেণির জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা (টিভিই) বিষয়ে একটি উদ্বুদ্ধকরণ বই যুক্ত হচ্ছে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, প্রায় চার শতাধিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সম্পাদক ও অভিজ্ঞ শিক্ষক বই প্রস্তুতের কাজে যুক্ত ছিলেন। প্রতিটি বই একাধিক ধাপে পর্যালোচনা করা হয়েছে।
এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক মো. আবদুল মুমিন মুসাব্বির বলেন, ২০২৭ সালের বইগুলোতে বানান ও বাক্য গঠনের ভুল নিবিড়ভাবে যাচাই করা হয়েছে, যাতে ভুলের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে থাকে।
জানা গেছে, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস, পৌরনীতি এবং বাংলা বিষয়ের বই পরিমার্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চারজন অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা হলেন—মোহাম্মদ আলী জিন্নাহ, ড. এস এম হাফিজুর রহমান, ড. তারিক আহসান ও ড. নূরে আলম সিদ্দিকী।
পাঠ্যবই পরিমার্জন কাজে নেতৃত্ব দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দেবেন না। একই কথা জানিয়েছেন এস এম হাফিজুর রহমানও।
এনসিটিবি সূত্র জানায়, ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম চালুর প্রস্তুতি চলছে। এর মূল ভিত্তি হবে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা।
নতুন শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা কমিয়ে ব্যবহারিক শিক্ষা, গবেষণাভিত্তিক শিখন, সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এই শিক্ষাক্রম তৈরির ক্ষেত্রে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীনসহ অন্তত ১৬টি দেশের শিক্ষাব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, নতুন কারিকুলাম, সমন্বিত শিক্ষক নীতিমালা, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, স্মার্ট ক্লাসরুম, ভিডিও লেসন, তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমান প্রাথমিক শিক্ষাক্রম ২০২১ সালে এবং মাধ্যমিক শিক্ষাক্রম ২০১২ সালে প্রণয়ন করা হয়। নিয়ম অনুযায়ী, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতি পাঁচ বছর পরপর শিক্ষাক্রম যুগোপযোগী করার কথা।
২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু করলেও ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার তা বাতিল করে।
১৯৭২ সাল থেকে এ পর্যন্ত সাতবার শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। ২০১২ সালের শিক্ষাক্রম পরিবর্তনের মাধ্যমে সৃজনশীল পদ্ধতি চালু হয়। ২০২১ সালের শিক্ষাক্রমে মুখস্থনির্ভরতা কমিয়ে আরও বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দেশের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয় এবং পরবর্তী সময়ে তা বাতিলের দাবিতে আন্দোলনও হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post