স্টাফ রিপোর্টার : রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আজ সকাল থেকে ঢাকা নিউমার্কেটের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো মার্কেটের বিদ্যুৎ–সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম।
আজ দুপুরে তিনি জানান, গত রাত থেকে অবিরাম বৃষ্টির ফলে নিউমার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সকাল থেকেই মার্কেটের কোনো দোকান খোলা হয়নি। বর্তমানে সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে কোনো ক্রেতাকেও মার্কেটে আসতে দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণে ডিপিডিসি পুরো মার্কেটের বিদ্যুৎ–সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ফিরোজ উল ইসলাম আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীকাল সোমবার দোকানপাট খোলা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, গত রাত থেকে চলমান বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে আজ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
আজ সকালে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও এবং বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। এছাড়া কয়েকটি দোকানপাট বন্ধও দেখা গেছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post