স্টাফ রিপোর্টার : ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রেডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের এয়ার ডিফেন্স ব্যবস্থা, উপকূলীয় রেডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট অস্ত্রসজ্জিত নৌকাসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলায় যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী আকাশ ও সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানায় তারা।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা কমাতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে তাদের সর্বশেষ হামলা অভিযান শেষ হয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস এলাকায় অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পরবর্তীতে ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতির বরাতে সংস্থাটি জানায়, সোমবার সকালে ‘আমেরিকান শত্রুদের হামলায়’ একজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদিত রুটে চলাচলকারী জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে।
নতুন এই উত্তেজনা গত মাসে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতিও প্রায় ভেঙে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।
ওই অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে যুদ্ধের অবসানের পথ তৈরি করা।
তবে ট্রাম্প যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা বললেও ওয়াশিংটন জানিয়েছে, কূটনৈতিক আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি। মধ্যস্থতাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post