গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, নোয়াখালীকে সম্ভাবনাময় জেলায় রূপ দিতে হলে অবকাঠামোগত উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নোয়াখালীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
গোলটেবিল বৈঠক শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post