গোফরান পলাশ, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর স্লুইস বেড়িবাঁধ আন্দারমানিক নদীর প্রবল স্রোতে ভেঙে পড়েছে। এতে সাত গ্রামের প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে প্রায় ৭০০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সাগর মোহনা ও আন্দারমানিক নদীর সংযোগস্থল সংলগ্ন হাজীপুর ও সোনাতলা এলাকার মানুষকে জলোচ্ছ্বাস থেকে রক্ষায় হাজীপুর সেতু থেকে জালালপুর পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ওই বাঁধের অভ্যন্তরের পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হয়েছিল সদরপুর তিন ভেন্টের স্লুইস। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবার নদীর তীব্র স্রোতের চাপে স্লুইসটি বেড়িবাঁধসহ ভেঙে যায়।
স্থানীয়রা জানান, স্লুইসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে সোনাতলা নদীর জোয়ারের পানি ঢুকে আশপাশের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। বসতঘর, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের পানিতে ডুবে গেছে। অনেকের পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে।
সোনাতলা গ্রামের বাসিন্দা রহিম উদ্দিন বলেন, স্লুইস ভেঙে যাওয়ার পর পানি নামতে পারছে না। ঘরবাড়িতে পানি উঠেছে, সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
সদরপুর গ্রামের পাভেল জানান, গত বছর থেকেই স্লুইসটি ঝুঁকিপূর্ণ ছিল। তখন সংস্কারের উদ্যোগ নেওয়া হলে আজকের মতো দুর্ভোগে পড়তে হতো না।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম ভূঁইয়া জানান, ভেঙে যাওয়া স্লুইস ও জলকপাট পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post