শেখ নাদীর শাহ্ ,পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সৃষ্ট পদে কর্মচারী নিয়োগের কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
অভিযোগকারী প্রিয়াংকা মল্লিকের স্বামী তীর্থ মণ্ডল জানান, পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের আশ্বাস দিয়ে দুই কিস্তিতে তার কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও নিয়োগ না দিয়ে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। পরে টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তীর্থ মণ্ডলের দাবি, চাকরির আশায় তিনি জমি বিক্রি এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদে ঋণ নিয়ে টাকা সংগ্রহ করেছিলেন। চাকরি না পাওয়ায় এখন ঋণের বোঝা বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
তবে অভিযোগ অস্বীকার না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মণ্ডল বলেন, প্রিয়াংকার স্বামীর কাছ থেকে তিনি মোট ৯ লাখ ৫ হাজার টাকা গ্রহণ করেছিলেন। তার দাবি, নিয়োগ প্রক্রিয়ার জন্য ওই অর্থের বড় একটি অংশ সাবেক এক সংসদ সদস্য এবং তার এক আত্মীয়কে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন জটিলতা এবং রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে তিনি ওই টাকা ফেরত আনতে পারেননি। আত্মীয়কে দেওয়া ৪ লাখ টাকা উদ্ধারে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও নিরাপত্তাকর্মী—এই চারটি পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ১২ অক্টোবর দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আবেদন জমার জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে।
স্থানীয় সূত্রের দাবি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরে নতুন কোনো বিজ্ঞপ্তি ছাড়াই প্রায় আট মাস পর নিয়োগ পরীক্ষার উদ্যোগ নেওয়ার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকশানা পারভীন বলেন, বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি তিনি শুনেছেন। তবে বিস্তারিত তথ্য তার জানা নেই। বিষয়টি জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post