আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে অভিযোগ ওঠে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, অনৈতিক প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপতৎপরতায় জড়িত রয়েছেন।
এসব অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। একজন দলীয় সংসদ সদস্যকে পুনরায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post