এসএম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে নতুন এক মাইলফলক। দীর্ঘদিনের অপেক্ষার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি (ইমার্জেন্সি) বিভাগের কার্যক্রম। এর ফলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ নিজ এলাকায় আধুনিক জরুরি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন কুষ্টিয়া-২, ৩ ও ৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. জাহিদ রায়হান, হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম, উপপরিচালক ডা. আকুল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিথিরা জরুরি বিভাগের চিকিৎসা সরঞ্জাম, রোগী গ্রহণ ও ব্যবস্থাপনা, জনবল, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
ফরিদা ইয়াসমিন বলেন, হাসপাতালটির কার্যক্রম চালু হওয়ায় কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা নিজ এলাকায় পাবেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, হৃদরোগ, স্ট্রোকসহ জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত হওয়ায় দূরের হাসপাতালে নেওয়ার প্রয়োজন ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।
হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, আপাতত পরীক্ষামূলকভাবে জরুরি বিভাগ চালু হয়েছে। পর্যায়ক্রমে বহির্বিভাগ, ভর্তি সেবা, অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগের কার্যক্রমও চালু করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কুষ্টিয়ার পাশাপাশি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে জরুরি চিকিৎসার জন্য রাজশাহী, খুলনা কিংবা ঢাকামুখী রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post