গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণকেন্দ্র মহিপুর-আলীপুরে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে চরম আকার ধারণ করেছে বরফ সংকট। প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ইলিশের ভরা মৌসুমেও শত শত মাছ ধরার ট্রলার সাগরে যেতে পারছে না। সংকটের সুযোগে বেড়েছে বরফের দামও।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে ১৫০ টাকায় বিক্রি হওয়া এক ক্যান বরফ বর্তমানে ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। বাড়তি দাম দিয়েও অনেক সময় প্রয়োজনীয় বরফ মিলছে না। বরফের অভাবে গত এক সপ্তাহ ধরে অন্তত ৫ শতাধিক ট্রলার ঘাটে পড়ে আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে আলী মাঝি বলেন, আগে বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকলেও এখন ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে বরফ উৎপাদন কমে গেছে। ১৫০ টাকার বরফের ক্যান এখন ৩০০ থেকে ৪৫০ টাকা দিয়েও কিনতে হচ্ছে। তবুও চাহিদামতো বরফ পাওয়া যাচ্ছে না।
ট্রলার মালিক সুমন মিয়া বলেন, সাগরে মাছের পরিমাণ এমনিতেই কম। তারপরও জীবিকার তাগিদে সাগরে যাওয়ার প্রস্তুতি নিলেও বরফের অভাবে ট্রলার পাঠাতে পারছেন না। জেলেরা ঘাটে বসে দিন কাটাচ্ছেন, আর ট্রলার মালিকদের প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে।
মহিপুর গাজী আইচ প্লান্টের স্বত্বাধিকারী মো. মজনু গাজী জানান, ২৪ ঘণ্টায় গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সেটিও একটানা নয়; দুই-তিন ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে স্বাভাবিকভাবে বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে উৎপাদন করতে হচ্ছে, এতে খরচ বেড়ে যাওয়ায় বরফের দামও বাড়াতে হচ্ছে। বর্তমানে জেলেদের চাহিদার তুলনায় মাত্র এক-চতুর্থাংশ বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।
মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, বরফ সংকটের সরাসরি প্রভাব পড়েছে মৎস্য ব্যবসায়। বরফ না থাকায় ট্রলার সাগরে যেতে পারছে না, ফলে বন্দরে মাছও আসছে না। পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি মৌসুমে মৎস্য খাতে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুর রহমান বলেন, কলাপাড়ায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ২৫ মেগাওয়াট। এর বিপরীতে চাহিদার ৪০ শতাংশ বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না। এ এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্রবন্দর, হাসপাতাল ও মৎস্য অবতরণকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে এবং তিনিও বিদ্যুৎ বরাদ্দ বাড়ানোর চেষ্টা করছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বিদ্যুৎ সংকট শুধু কলাপাড়ায় নয়, সারাদেশেই রয়েছে। তবে মৎস্য বন্দরে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বরফের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে কি না, সেটিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেখা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মৎস্য বন্দরের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কি না, তা চেষ্টা করা হচ্ছে। জেনারেটরের মাধ্যমে বরফ উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়লেও ব্যবসায়ীরা যেন এ সুযোগে অতিরিক্ত দাম নিতে না পারেন, সে বিষয়টিও নজরদারিতে রাখা হচ্ছে।
মৎস্য মৌসুমে এমন পরিস্থিতিতে জেলে ও ব্যবসায়ীদের দাবি, মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে বরফ সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি পুরো মৎস্য অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post