রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
পরিবার জানায়, গত ১৭ আগস্ট রাত ১টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে অটোরিকশা নিয়ে বাকুরচরের নিজ বাড়ির উদ্দেশে রওনা হন জহুরুল। পরে স্থানীয় একজন আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তাঁর অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন। তবে সেখানে জহুরুলকে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর সন্ধান করতে থাকেন।
বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় এক কৃষক জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, তিন দিন নিখোঁজ থাকার পর জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এটি হত্যাকাণ্ড কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post