কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. টিপু সুলতান বলেছেন, “ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ, ভয় এবং অসচেতনতার কারণে চিকিৎসা নিতে দেরি করার প্রবণতা রয়েছে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকের নির্দেশনা অনুসরণের মাধ্যমে ক্যানসার মোকাবিলায় সচেতনতার গুরুত্ব তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, ক্যানসার সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। বিশেষ করে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে মানুষকে উৎসাহিত করা জরুরি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার টিএমএসএস ক্যানসার সেন্টারের কনসালট্যান্ট এবং টিউমার ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. মো. তৌহিফুর রহমান।
এসময় তিনি বলেন, ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ, ভয় ও অসচেতনতার কারণে অনেকেই সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হন না। এতে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা গ্রহণে বিলম্ব হতে পারে। তাই ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণে জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে স্তন ও প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ক্যানসার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুল ইসলাম।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, ‘ক্যানসার ভয় আর নয়, বিজয়ীর বেশে লড়লেই হবে ক্যানসারের পরাজয়।’
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post