আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করার দায়ে একটি বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০অক্টোবর) বিকালে উপজেলার গফরগাঁও রোডে অবস্থিত ‘বি-বাড়িয়া বেকারি’-তে এই অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন।
জানা যায়, বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল। এছাড়া পণ্য উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিভিন্ন কাঁচামাল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ সব অপরাধে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় বেকারি কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহাবুদ্দিন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্য উৎপাদনে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কাঁচামাল ব্যবহার করছিলেন যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post