ওপেলিয়া কনি , কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় শাজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার আসরের নামাজ শেষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি ও বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতি। প্রায় তিন মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে মুফতি আমীর হামজা বক্তৃতা দিচ্ছিলেন। এ সময় শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে তাকে বলেন, “হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করুন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না।”
এরপর মসজিদের ভেতরে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে তাকে মসজিদের বাইরে বের করে দেন। কয়েকজনকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শাজাহান আলী হান্নান বলেন, “আমি মসজিদের সভাপতি। মুফতি আমীর হামজা আসবেন—এ কথাও কেউ আমাকে জানায়নি। তিনি নামাজ শেষে বক্তৃতা শুরু করলে আমি সভাপতির দায়িত্ব থেকে অনুরোধ করি যেন তিনি রাজনৈতিক আলোচনা না করেন। এতেই উপস্থিত কিছু লোক আমার ওপর চড়াও হয়।”
তার দাবি, “মসজিদের ভেতরে যারা ছিলেন, তাদের বেশিরভাগই অপরিচিত ও জামায়াতের লোকজন।” তবে ঘটনার পর মুফতি আমীর হামজা দুঃখ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে মুফতি আমীর হামজার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//২৬ অক্টোবর ২৫//
প্রিন্ট করুন






Discussion about this post