মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মুন্দা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যশোর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা হাসান আলী এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোম্বামী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া, বামন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল সানোয়ার, নাইমুর রহমান, আব্দুস সালাম, মোর্তুজা জামান, শিমুল হোসেন ও স্থানীয় ইউপি সদস্য আজগর আলীসহ এলাকার কৃষক-কৃষাণীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণে স্থানীয়ভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত জরুরি। পতিত ও আবাদযোগ্য জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সরিষা, সূর্যমুখীসহ বিভিন্ন তেল ফসলের চাষ বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে কম খরচে বেশি ফলন পাওয়া সম্ভব। কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ প্রদান অব্যাহত থাকলে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে, যা দেশের তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট করুন







Discussion about this post