কুষ্টিয়া : কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের আংশিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রাথমিক পর্যায়ে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হওয়ায় স্থানীয় রোগীদের রোগ নির্ণয় প্রক্রিয়া এখন হবে আরও সহজ, দ্রুত ও উন্নত।
আজ সোমবার এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা: মো: আনোয়ারুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: শহীদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ সোনিয়া কাওকাবী, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাঃ রেজাউর রহমান মিয়া, সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাসিমুল বারী বাপ্পি, ডাঃ খসরুজ্জামান মুকুল, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ আসাদুর রহমান শামীমসহ নার্সিং কর্মকর্তা, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রেডিওলজি ও ইমেজিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে কুষ্টিয়া অঞ্চলের রোগীরা এখন আর দূরবর্তী স্থানে গিয়ে এসব পরীক্ষা করাতে বাধ্য হবেন না। এতে সময় ও খরচ—দুই-ই সাশ্রয় হবে এবং দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পর্যায়ক্রমে এ বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে আরও উন্নত ও বিস্তৃত সেবা প্রদান করা যাবে।
সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাসিমুল বারী বাপ্পি বলেন, এই উদ্যোগ কুষ্টিয়ার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করলো।
প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি ব্লকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীসহ সেবা প্রত্যাশী সাধারণ মানুষজনকে।
২০১১ সালে কুষ্টিয়া শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) অস্থায়ীভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয়তলা একাডেমিক ভবন, দুটি চারতলা হোস্টেল, শিক্ষক-কর্মকর্তাদের জন্য ডরমিটরি, মসজিদসহ বেশ কয়েকটি ভবন হস্তান্তর করা হয়। তবে হাসপাতালের সেবা চালু না থাকায় শিক্ষার্থীদের প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে তাদের অতিরিক্ত খরচ ও ভোগান্তি বাড়ে।
প্রিন্ট করুন










Discussion about this post