মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার খানুরবাড়ি ও রাজাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভূঞাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার খানুরবাড়ি গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, রাজাপুর গ্রামের জামাল শেখের ছেলে রফিকুল এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এসআই মো. নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় খানুরবাড়ি ও রাজাপুর গ্রাম থেকে ওই তিনজনকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার, ৪ মে সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলবে।
প্রিন্ট করুন








Discussion about this post